এই যে প্রতিদিন নিজের সাথে নিজেই যুদ্ধ করে যাই, হাসির আড়ালে কত কিছু লুকিয়ে রাখি, তবুও কাউকে কিছু বুঝতে দিই না—ভীষণ কথা বলতে ইচ্ছে করে কারও সাথে, কিন্তু বলতে গেলেই মনে হয় শুনবে কে আর এতটা ধৈর্য নিয়ে, তাই চুপ করে যাই।
এই যে চারপাশে সবাই আছে, বন্ধু আছে, পরিচিত মুখ আছে, তবুও দিনের শেষে নিজের ভেতরটা ফাঁকা ফাঁকা লাগে—কিছু অনুভূতি থাকে, যেগুলো নিজেকে বড্ড একা করে দেয়, যেগুলো কারও সাথে ভাগ করা যায় না, শুধু নিজের ভেতরেই পুড়তে হয়।
এই যে রাত গভীর হলে হঠাৎ করে মনটা অস্থির হয়ে ওঠে, পুরনো কথা, পুরনো সময়, না বলা কিছু অনুভূতি এসে ভিড় করে—চাইলেই ভুলে থাকা যায় না, আবার মনে রাখলেও কষ্ট হয়, তাই মাঝামাঝি কোথাও আটকে থাকি, না ভোলা, না পাওয়া।
এই যে ধীরে ধীরে সবকিছুতে অভ্যস্ত হয়ে যাচ্ছি, কাউকে না বলা, কাউকে না চাওয়া, একা একা সব সামলে নেওয়া—একদিন হয়তো সত্যিই এমন হবে, কারও প্রয়োজন অনুভবই করবো না আর।
এই যে নিজেকে শক্ত করে ফেলছি প্রতিদিন, কষ্ট পেলেও আর চোখে পানি আসে না আগের মতো—কারণ বুঝে গেছি, সব কিছু প্রকাশ করতে নেই, কিছু কষ্ট চুপচাপ বয়ে নিয়ে যাওয়াই সহজ।
একদিন হয়তো সব ঠিক হয়ে যাবে বলে ভাবি, কিন্তু সেই “ঠিক হয়ে যাওয়া”টা আসলে কেমন—তা আর জানা হয় না, শুধু সময় যায়, মানুষ বদলায়, অনুভূতিগুলো ম্লান হয়ে যায়, আর আমরা শিখে যাই—সব কিছু মেনে নিয়েই বাঁচতে হয়।
- লেখা: নীল জামিল 💖

0 Comments