রাত। ছাদ। ভারি বৃষ্টি। নিকষ কালো অন্ধকার। আমার লিমিট চার, তৃতীয় নাম্বার প্যাগ শেষ।
আমার জীবন এত জটিল ছিল না। ভাবছি এত জটিল হলো কি করে? ছোটবোলায় যখন আম্মু মাইর দিত, আমি গিয়া লুকাইতাম দাদির পিছনে।
আম্মু আমারে মারতে পারতো না। রাগে গজগজ করতো। দাদি বলত, থাক না বউ মা, ছোট মানুষ একটু ভুল তো করেই বাচ্চারা।
আমি ভাবছি, আমি তো ছোট ছিলাম। বড় হলাম কী করে? বড় হওয়ার পর আমি কখনো ভুলটুল করতে চাই নাই। অথচ, সবাই আঙুল তুলে বলল তুমি ভুল।
আব্বা বলল, ব্যাবসার হাল ধরতে। আম্মু বলল, পড়াশোনাটা শেষ করতে। বড় আপা বলল, তুই বিদেশ চলে যা এদেশে তোর কিছু হবে না। আর বন্ধু বলল, দেশকে ভালোবাসলে দেশে থাক এত দূরে থাকবি কী করে? প্রেমিকা বলল একটাকিছু করো।
সবার চাওয়ার মাঝে আমি কী চাইলাম সেইটাই হারায় গেল। আমি আসলে কী চাই? আমি মনে হয় ছবি তুলতে চাই। পাখির ডানার ছবি, ফুলের পাপড়ির ছবি, মাছের চোখের ছবি, আকাশের মেঘের ছবি।
তাইলে আমি করতেছিটা কী ছবি না তুলে? আমি কেন ফাইলপত্তর নিয়া অফিসে অফিসে ধর্না দেই একটা চাকরির আশায়। আমার ছবি কই? এত অন্ধকার কেন? জীবনের পথে পথে এত মাইর খাইতেছি। কোথায় লুকাবো? দাদি কই?
দাদি মরে গেছে কবেই। দাদি আমার বৃষ্টি বড়োই পছন্দ করতো। বৃষ্টি নামলেই বলত, দাদুভাই আয় বৃষ্টিতে ভিজি।
মা, মা কোথায়? মার খুব জ্বর। আমার জ্বর হলে বিড়বিড় করে আমি মা'কে ডাকতাম। আচ্ছা, মা ও কী জ্বরের ঘোরে আমায় ডাকেন? কতদিন যে মায়ের হাতের রান্না খাই না, আহারে। ইদানীং খুব দেখতে ইচ্ছে করে মা'কে; এ শহরে আমার কেউ নেই। মা'র পাশে নিশ্চয়ই বাবা আছেন। অপেক্ষা করছেন, কবে খোকা ফিরবে।
তুলি কোথায়? তুলি কে? তুলি আমার প্রেমিকা। তুলি কি করে এখন? সম্ভবত ঘুমাচ্ছে। পাশে নতুন বর। সম্ভবত, কারো ছেড়ে যাওয়া মেনে নেওয়া এতবেশী কষ্টের না ; কিন্তু অন্য কারো জন্য ছেড়ে যাচ্ছে এইটা মানা ভীষণ কষ্টের। না চাইতেও এক ভয়ানক যন্ত্রণা গলা চেপে ধরে।
আখেরি প্যাগ গলায় পড়েছে। মাথাটা ভনভন করছে। বৃষ্টি বেড়েছে আরও ঘন। শরীরটা যেন দুলতেছে পলিথিনের মত। দাদিকে দেখা যাচ্ছে ছাদের নিচে রাস্তায় বৃষ্টির মাঝে দাড়িয়ে আছে। আমায় দু'হাতে ডাকতেছে, আয় দাদু ভাই, আয় বৃষ্টিতে ভিজি।
আমি লাফ দেই ছাদ থেকে। চোখটা বুজে আসে তীব্র ব্যাথায়। দাদির মুখটা ঝাপসা লাগে।
মনে পড়ে মায়ের কথা, তোর পাতে আর একলোকমা ভাত দিতেও রাজি না আমি।
মনে পড়ে বাবার কথা, আমার গাড়ে বসে বসে আর কতদিন?
মনে পড়ে তুলির কথা, তোমার মত অপদার্থের জন্যে অপেক্ষা করার চেয়ে বাবার দেখা পাত্রকে বিয়ে করে নেওয়াটা বেটার।
মনে পড়ে দাদির কথা, আয় দাদাভাই বৃষ্টিতে ভিঁজি, বৃষ্টিতে ভিঁজি, বৃষ্টি..
গভীর অন্ধকারে আচ্ছন্ন হয়ে আসে দু চোখের পাতা। অনন্তকালের দিকের যাত্রাটা বোধহয় এমন ই হয়...
- আরিফ হুসাইন

0 Comments